ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন সেবা চালু করেছে দেশটির সরকারি ডাক বিভাগ ‘ওমান পোস্ট’। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ ‘পাসপোর্ট কালেকশন সার্ভিস’ বা পাসপোর্ট বিতরণ সেবা চালু করা হয়েছে। এর ফলে পাসপোর্ট নবায়নের পর তা সংগ্রহ করতে প্রবাসীদের আর সরাসরি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
নতুন এই সেবার আওতায় প্রবাসীরা তাঁদের নবায়ন করা পাসপোর্ট নিজেদের সুবিধামতো নিকটস্থ ওমান পোস্টের যেকোনো শাখা থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন। এতে করে দূরের শহর থেকে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যাওয়ার দীর্ঘ ভ্রমণ, যাতায়াতের ভোগান্তি এবং অর্থ ও সময়ের অপচয় থেকে রক্ষা পাবেন হাজারো প্রবাসী বাংলাদেশি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির ফলে পাসপোর্ট ডেলিভারি ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল হবে। প্রবাসীরা ওমান পোস্টের যেকোনো শাখায় গিয়ে এই সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন এবং নির্ধারিত সময়ে কোনো ধরনের দীর্ঘ অপেক্ষা ছাড়াই নিজেদের পাসপোর্ট হাতে পাবেন।
আরও
প্রবাসীদের দোরগোড়ায় সহজে নাগরিক সেবা পৌঁছে দিতে বাংলাদেশ দূতাবাস ও ওমান পোস্টের এই যৌথ উদ্যোগ স্থানীয় প্রবাসী মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এর মাধ্যমে ওমানে কর্মরত সাধারণ শ্রমজীবীরা তাঁদের কর্মঘণ্টা নষ্ট না করেই অতি জরুরি এই সেবাটি হাতের নাগালেই পাচ্ছেন।









