যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। সেখানে বন্দুকের গুলিতে এক নারী আহত হয়েছেন, আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—গুলিটি ছুটেছে একটি কুকুরের পা থেকে। একটি ট্রাকের পেছনের আসনে থাকা কুকুরটির অসাবধানতাবশত শটগানের ট্রিগারে চাপ পড়লে আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। ফক্স নিউজের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম কেএনওপি নিউজ-২ এই তথ্য জানিয়েছে।
পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুপুরের দিকে নেব্রাস্কার ২০০২ অ্যাভিনিউ আই-তে অবস্থিত ‘শর্ট স্টপ’ নামের একটি গ্যাস স্টেশন ও কনভিনিয়েন্স স্টোরে ওই ট্রাকটি এসে থামে। গাড়ি থামার পর পেছনের আসনে থাকা কুকুরটি নড়াচড়া শুরু করে। একপর্যায়ে সেখানে রাখা একটি গুলিভর্তি শটগানের ট্রিগারের ওপর কুকুরটির পা পড়ে গেলে হঠাৎ গুলি ছিটকে বেরিয়ে আসে।
আকস্মিক এই গুলির শব্দ পেয়ে স্কটসব্লাফ শহরের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা ট্রাকটির একটি দরজা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পায়। তদন্তে পুলিশ জানতে পারে, বন্দুক থেকে বেরিয়ে আসা ছররা গুলি ট্রাকের দরজা ভেদ করে পাশে থাকা ওই নারীর বাহুতে আঘাত হেনেছে।
আরও
গুলিবিদ্ধ ওই নারীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বস্তির বিষয় হলো, তাঁর আঘাত খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে পুলিশ জানিয়েছে, নেব্রাস্কা অঙ্গরাজ্যের আইন অনুযায়ী গাড়ির ভেতরে গুলিভর্তি শটগান নিয়ে চলাচল করা সম্পূর্ণ বেআইনি। ফলে এই অবিশ্বাস্য দুর্ঘটনার শিকার হয়ে আহত হওয়ার পাশাপাশি ওই নারীকে এখন আইনি জটিলতারও মুখোমুখি হতে হবে।










