সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার নিয়ে চলা নানা আলোচনার পরিপ্রেক্ষিতে কঠোর সতর্কতা জারি করেছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওমানে ক্রিপ্টোকারেন্সি কোনো আইনি বৈধতা পাওয়া বা গ্রহণযোগ্য মুদ্রা নয়।
এক এক্স বার্তায় ওমানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ধরনের ডিজিটাল মুদ্রার কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি ব্যাংক দেয় না। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমগুলোতে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বা লেনদেন নিয়ে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষকে সচেতন করতেই এই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওই সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ২ নম্বর ব্যাংকিং আইনের বিধান অনুযায়ী ওমানে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি স্বীকৃতি নেই। এ ছাড়া, ২০১৮ সালের ৮ নম্বর জাতীয় পেমেন্ট সিস্টেম আইনের আওতায় এটি কোনো স্বীকৃত বা নিয়ন্ত্রিত লেনদেনের মাধ্যমও নয়। তাই যেকোনো ধরনের প্রতারণা বা আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে ওমানের নাগরিক ও প্রবাসীদের এ ধরনের অনুমোদিত ভার্চুয়াল মুদ্রার ব্যবহার ও লেনদেন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।









