ঘুস নিয়ে প্রবাসীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ সাজানোর দায়ে কুয়েতে এক পুলিশ কর্মকর্তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮০০ কুয়েতি দিনার জরিমানা এবং চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত ওই কর্মকর্তা কুয়েত সিটির ক্যাপিটাল গভর্নরেটের একটি থানায় কর্মরত ছিলেন। ২০ এপ্রিল দেশটির ফৌজদারি আদালতের বিচারক আবদুলওয়াহাব আল-মুয়াইলি আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। মামলার নথিপত্র ও তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ওই পুলিশ কর্মকর্তা থানায় নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দেশের প্রবাসীদের বিরুদ্ধে ভিত্তিহীন সব অভিযোগ তৈরি করতেন।
মূলত অবৈধভাবে আর্থিক সুবিধা আদায় করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। প্রবাসীদের আইনি দুর্বলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি তাঁদের দেশে ফেরত পাঠানোর ভয় দেখাতেন। আবার কখনো কখনো এই নির্বাসন প্রক্রিয়া সহজ করার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের ঘুস আদায় করতেন। আদালত তাঁর রায়ে উল্লেখ করেছেন, অভিযুক্তের এমন কর্মকাণ্ড দেশটির গোটা নিরাপত্তা খাতের সততা ও মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে।










