সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতে রাতভর অতর্কিত ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় কুয়েতের বিদ্যুৎ, পানিশোধন কেন্দ্র এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের এই ড্রোন হামলায় তাদের দুটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দেশটির অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে রাজধানী শহরে অবস্থিত তাদের মূল কমপ্লেক্সটিও ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যার ফলে ভবনটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ ছাড়া কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, ড্রোন হামলার কারণে শুয়াইখ তেল খাতের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে ভয়াবহ আগুন ধরে যায়। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কুয়েতি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, টানা ৩৭ দিন ধরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব হামলায় ইরানে ব্যাপক হতাহত ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর চরম পাল্টা জবাব দিতেই ইরান এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে। সংঘাতের প্রথম দিকে শুধু মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু থাকলেও, এখন তারা কৌশল বদলে বিভিন্ন দেশের সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোতে সরাসরি হামলা চালাচ্ছে।











