বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস (এফএসআর) বিভাগের পরিচালক আবু সাঈদ ১০ দিনের ছুটিতে বিদেশে গিয়ে গত পাঁচ মাসেও দেশে ফেরেননি। গত আগস্টে মালয়েশিয়া যাওয়ার কথা বলে ছুটি নিলেও তিনি আর কর্মস্থলে যোগ দেননি। অনুমতি ছাড়া দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কর্তৃপক্ষ।
বেবিচক সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছিলেন আবু সাঈদ। কিন্তু ছুটি শেষে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তাকে পাঠানো নোটিশও ফেরত আসে। বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান নিশ্চিত করেছেন যে, বিদেশে গিয়ে ফিরে না আসায় তাকে ‘পলাতক’ হিসেবে গণ্য করে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে শুধু আবু সাঈদ নন, বেবিচকে কর্মকর্তাদের দেশ ছাড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে প্রশাসনিক কর্মকর্তা আবদুল খালেক প্রায় ১০০ কোটি টাকা এবং নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান ১৫০ কোটি টাকা আত্মসাৎ করে যথাক্রমে কানাডা ও যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত অন্তত সাতজন কর্মকর্তা এভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন, যাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।











