ওমানে জনশান্তি বিঘ্নকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। মাসকাটের বাউশার এলাকায় গাড়ির সাইলেন্সার বা একজস্ট থেকে অতিরিক্ত শব্দ সৃষ্টি করার অভিযোগে সম্প্রতি ৮৪ জন চালককে আটক করা হয়েছে এবং ট্রাফিক নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ২০টি গাড়ি জব্দ করা হয়েছে। মাসকাট গভর্নরেট পুলিশ কমান্ড ও বাউশার স্পেশাল টাস্ক ইউনিট যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, অভিযানে যেসব চালককে আটক করা হয়েছে, তারা গাড়ির একজস্টে অবৈধ পরিবর্তন (মডিফিকেশন) এনে ইচ্ছাকৃতভাবেই বিকট শব্দ তৈরি করছিলেন। এসব অবৈধ পরিবর্তন শুধু স্থানীয় পরিবেশ ও জনশান্তি নষ্টই করে না, বরং সড়ক নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
রয়্যাল ওমান পুলিশ প্রবাসী চালক ও গাড়ির মালিকদের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছে, ওমানের ট্রাফিক আইন অনুযায়ী যানবাহনে যেকোনো ধরনের অননুমোদিত মডিফিকেশন সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি করা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
আরও
পুলিশ আরও জানিয়েছে, ট্রাফিক বিধি অমান্য করলে বড় অঙ্কের জরিমানা, গাড়ি জব্দ অথবা মামলা–সহ কঠোর দণ্ড আরোপ করা হতে পারে। জননিরাপত্তা বজায় রাখতে সবার প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ওমানে বসবাসরত প্রবাসীসহ সব যানবাহন চালকদের প্রতি অনুরোধ—গাড়ি চালানোর সময় ট্রাফিক আইনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং জনশান্তি নষ্ট করে এমন আচরণ থেকে বিরত থাকা।












