সর্বশেষ

৬২ বছর বয়সে বিয়ে করে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Australia PM 29112025City ads Investment (1)

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ দায়িত্ব পালনরত অবস্থায় বিয়ে করে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। ৬২ বছর বয়সী এই নেতা শনিবার (২৯ নভেম্বর) ক্যানবেরায় ঘনিষ্ঠ আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডনকে বিয়ে করেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে ক্ষমতাসীন অবস্থায় বিয়ে করা প্রথম অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী হলেন তিনি।

বিয়ের পর দেওয়া এক বিবৃতিতে আলবেনিজ বলেন, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে পেরে তিনি ও জোডি অত্যন্ত আনন্দিত। গত বছরের ভ্যালেন্টাইনস ডেতে তাদের বাগদান সম্পন্ন হয়। নিরাপত্তা ও গোপনীয়তার কারণে বিয়ের আয়োজনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ সীমিত আকারে করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোডি হেইডনের বাবা–মা এবং আলবেনিজের আগের বিয়ের সন্তান নাথান। বিয়ের বিশেষ আকর্ষণ ছিল দম্পতির কুকুর ‘টোটো’, যে অনুষ্ঠানে রিং বেয়ারারের দায়িত্ব পালন করে। বিবিসি জানায়, পুনর্নির্বাচনের পর সরকারি দায়িত্ব বিবেচনায় নবদম্পতির হানিমুনও সংক্ষিপ্ত রাখতে হয়েছে; সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তারা দেশের বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদি সফর করবেন।

আলবেনিজ ও হেইডনের পরিচয় ২০২০ সালে মেলবোর্নে এক ব্যবসায়িক নৈশভোজে। সে সময় আলবেনিজ ছিলেন বিরোধী দলের নেতা। পরে দুই নির্বাচনে—২০২২ ও ২০২৫—জোডি হেইডন সক্রিয়ভাবে আলবেনিজের প্রচারণায় যুক্ত ছিলেন এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার সঙ্গী ছিলেন।

এর আগে বাগদানের মাধ্যমেও আলবেনিজ নজির স্থাপন করেছিলেন। দায়িত্ব পালনকালেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রী বাগদান ঘোষণা করেন। আলবেনিজ ও হেইডন জানান, তারা একে অপরকে পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup