মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া কুয়ালালামপুর (UTMKL) ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটি (ICSS)-এর ২০২৫–২৬ সেশনের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী আবদুল্লাহ আল নাহিদ। সংগঠনটির প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এ পদে জয়ী হলেন। মোট ১,২৪৯ ভোটারের মধ্যে ৬৮.৭ শতাংশ ভোট পেয়ে তিনি নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করেন।
নাহিদের নেতৃত্বযাত্রা শুরু হয় ২০২৩ সালে স্বেচ্ছাসেবক হিসেবে। পরবর্তী দুই সেশনে তিনি ভাইস ট্রেজারার এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী সামাজিক উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও স্বেচ্ছাসেবায় সক্রিয়ভাবে যুক্ত। নির্বাচনে তিনি আইএসএপি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সেবা দ্রুতীকরণ, আন্তঃবিশ্ববিদ্যালয় সমন্বয়, এডু-ট্যুরিজম ও ইন্ডাস্ট্রি ভিজিট চালুর অঙ্গীকার করেন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সমস্যা সমাধানে স্বচ্ছতা বজায় রেখে কার্যকর নেতৃত্ব প্রদানই হবে তার প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় ICSS-এর ভাইস প্রেসিডেন্ট পদ যে বড় দায়িত্ব, তিনি তা সফলভাবে পালনে আশাবাদ ব্যক্ত করেন।
আরও
ইউটিএমকেএলের মতো ব্যস্ত নগরীর প্রাণকেন্দ্রের ক্যাম্পাসে গত তিন বছর ধরে নাহিদ নিজেকে শিক্ষার্থী সমাজে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। স্বেচ্ছাসেবী থেকে শুরু করে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে পৌঁছানো, দ্য ল্যাব থার্টিনের মতো উদ্ভাবনী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, এবং ইউনিসেফ-ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ তাকে তরুণ নেতৃত্বের অনুকরণীয় অবস্থানে তুলে ধরেছে।
নির্বাচনে বড় ব্যবধানে জয় শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতা ও নেতৃত্বগুণেরও স্বীকৃতি। নাহিদ জানান, “নেতৃত্বের মানে সবার জন্য কাজ করা— আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার দ্রুত ও স্বচ্ছ সমাধান নিশ্চিত করাই আমার লক্ষ্য।”












