ওমান এয়ারপোর্টস প্রযুক্তি খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম বিমানবন্দর অপারেটর হিসেবে উই-ফাই ৭ প্রযুক্তির সফল বাস্তবায়ন করেছে। হুয়াওয়ের সহযোগিতায় চালু হওয়া এই অত্যাধুনিক ব্যবস্থা বিমানবন্দরের যোগাযোগ অবকাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বাধুনিক এই প্রযুক্তি চালুর ফলে যাত্রীরা আগের তুলনায় আরও দ্রুতগতি, নিরাপদ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। উন্নত নেটওয়ার্ক সুবিধা বিমানবন্দরের সামগ্রিক ডিজিটাল সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতকেন্দ্রিক সেবা নিশ্চিত করবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, উই-ফাই ৭ বিপুল সংখ্যক ব্যবহারকারীকে একই সঙ্গে সংযোগ দেওয়ার সক্ষমতা রাখে। ব্যস্ত সময়েও নেটওয়ার্কে চাপ পড়লে সংযোগ যেন স্থিতিশীল থাকে, তা নিশ্চিত করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে যাত্রীরা অনলাইন চেক-ইন, ডিজিটাল বোর্ডিং, স্ট্রিমিংসহ বিভিন্ন অনলাইন সেবা নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন।
আরও
ওমান এয়ারপোর্টস বলছে, যাত্রী সেবার মানোন্নয়নে তাদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এটি শুধু যাত্রীদেরই নয়, বিমানবন্দরের অপারেশন টিম এবং সেবা প্রদানকারী সংস্থাগুলোর কাজকে আরও গতিশীল করবে।
ডিজিটাল সংযোগে যুগান্তকারী এই উদ্যোগের মাধ্যমে ওমান এয়ারপোর্টস বৈশ্বিক বিমানবন্দরের জন্য নতুন মানদণ্ড তৈরি করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, উই-ফাই ৭ প্রযুক্তি ভবিষ্যতের স্মার্ট এয়ারপোর্ট নির্মাণের পথকে আরও সুদৃঢ় করবে।











