বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়ানা আবজাল (২৮) নামে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ১১ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। বনবিভাগ ও স্থানীয়দের যৌথ অভিযানে তল্লাশি অব্যাহত রয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে রাত কাটানোর পর শনিবার সকালে ১৩ জন পর্যটক ছোট একটি বোটে করে করমজল পর্যটনকেন্দ্রের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে প্রবল ঢেউয়ের আঘাতে বোটটি উল্টে যায়।

আরও
তিনি বলেন, বোটের সবাই পানিতে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, বাকিদের স্থানীয়রা উদ্ধার করেন। তবে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী রিয়ানা আবজাল এখনো নিখোঁজ রয়েছেন। তার পরিবারের সদস্যরা বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে।
নিখোঁজ রিয়ানার বাবা, বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, “একটি জাহাজের প্রবল ঢেউয়ের ধাক্কায় আমাদের ছোট বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৩ জনই নদীতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা হলেও আমার মেয়েকে পাওয়া যায়নি।” তিনি জানান, রিয়ানা তার স্বামী ও ভাই-বোনদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। তারা ঢাকার উত্তরায় বসবাস করেন।
করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, ঘটনাটির পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। রোববার সকাল থেকে আবারও তল্লাশি শুরু হবে বলে জানিয়েছেন তিনি। নিখোঁজ রিয়ানার পরিবারের সদস্যদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও বনবিভাগের একাধিক দল উদ্ধারকাজে অংশ নিচ্ছে।











