ইতালির কালাব্রিয়া অঞ্চলের ক্রোতোনে শহরে ঘুমের মধ্যে আকস্মিক ব্রেইন স্ট্রোকে মারা গেছেন সাকিবুল ইসলাম (২৩) নামে এক তরুণ প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত প্রায় ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সাকিবুলের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে।
স্থানীয় প্রবাসীরা জানান, ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাকিবুল। পরে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তরুণ এই প্রবাসীর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইতালিস্থ বাংলাদেশি কমিউনিটিতে।
ইতালি প্রবাসী মোশায়েদ উল্লাহ মজুমদার বলেন, “রাত ১১টার দিকে ঘুমের মধ্যে স্ট্রোক করে সাকিব মারা যায়। সে ছিল ভদ্র, পরিশ্রমী ও ধর্মপরায়ণ একজন তরুণ। একাধারে কুরআনের হাফেজ এবং ক্রোতোনে মসজিদের শিক্ষা কার্যক্রমের সক্রিয় সদস্য ছিল।”
আরও
আরেক প্রবাসী বন্ধু জানান, “রাত ৯টার দিকে সে আমাকে মেসেজ দিয়েছিল। অথচ মাত্র দুই ঘণ্টা পরই তার মৃত্যুর খবর শুনি। বিশ্বাসই করতে পারছি না।”
প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, সাকিবুল ছিলেন সকলের প্রিয়, হাসিখুশি ও নিবেদিতপ্রাণ এক তরুণ। তার অকাল মৃত্যুতে ইতালির বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন।












