যুক্তরাষ্ট্রের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেতার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের সন্তান ড. সৈয়দ বাহাউদ্দিন আলম। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব ইলিনয়েস আরবানা-শ্যাম্পেইন (ইউআইইউসি)-এর গ্রেইঞ্জার কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের নিউক্লিয়ার, প্লাজমা ও রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের উদ্যোগে ‘ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন প্ল্যান ২০২৫’-এর অংশ হিসেবে তাকে এ মর্যাদা দেওয়া হয়েছে।
ইউআইইউসি-এর পক্ষ থেকে পাঁচজন খ্যাতিমান অধ্যাপককে এআই কার্যক্রমে মনোনয়নের জন্য হোয়াইট হাউসে প্রস্তাব করা হয়। এ তালিকায় ড. আলম ছাড়াও ছিলেন ন্যান্সি অ্যামাটো, বিল গ্রপ্প, ক্লারা নাহরস্টেড্ট ও অ্যানিতা নিকোলিচ। তবে বিশেষ অবদান ও গবেষণা কার্যক্রমের জন্য ড. বাহাউদ্দিন আলমকে গুরুত্ব দিয়ে সুপারিশ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুসান মার্টিনিস।
বাংলাদেশি এ বিজ্ঞানী এআই’কে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এনার্জি সিস্টেম ও সাইবারসিকিউরিটির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার গবেষণা ও দিকনির্দেশনা যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বৈজ্ঞানিক গবেষণা এবং জাতীয় নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
আরও
এছাড়া, ড. আলম যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসা একাডেমির বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সেখানে ‘এআই ফাউন্ডেশন মডেলস ফর সায়েন্টিফিক ডিসকভারি অ্যান্ড ইনোভেশন’ বিষয়ক পরামর্শক হিসেবে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়নে যুক্ত আছেন।
জাতীয় এআই নেতার স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ড. বাহাউদ্দিন আলম বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এমন সম্মান প্রত্যাশা করেননি। এ অর্জন তিনি তার পরিবার, শিক্ষার্থী, পরামর্শদাতা ও সহকর্মীদের উৎসর্গ করেছেন।











