সরকার বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। নতুন নির্দেশনার মধ্যে প্রতিটি টিকিটে অবশ্যই দাম, ট্রাভেল এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, সারাদেশে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। যেখানে নিবন্ধিত এজেন্টের সংখ্যা মাত্র দেড় হাজার, সেখানে দুই লাখের বেশি অনিবন্ধিত এজেন্সি টিকিট বিক্রির নামে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোটি কোটি টাকা পাচার করছে।
শেখ বশিরউদ্দিন উদাহরণ টেনে বলেন, ঢাকা থেকে দুবাইয়ের টিকিটের দাম ৮৫ হাজার টাকার ওপরে হলেও, কলকাতা থেকে একই রুটের টিকিটের দাম অর্ধেকের কম। এতে কর্মজীবী যাত্রী, ওমরাহ ভ্রমণকারীসহ সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আরও
তিনি আরও জানিয়েছেন, এখন থেকে বিমানবন্দরে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট টিকিটের মূল্য মনিটর করবেন। টিকিটে দাম উল্লেখ না থাকলে দায়ী এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, “এটি যদি আমার পরিবারের কেউ হোক বা বন্ধু হোক, তবুও ছাড় দেওয়া হবে না। সিন্ডিকেটের সঙ্গে যুক্ত কেউ রেহাই পাবে না।”
এছাড়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হবে, যা যাত্রী সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











