দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, কিছু ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রতারকরা ড্রাইভিং লাইসেন্সের ভুয়া অ্যাপয়েন্টমেন্টের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের ফাঁদে না পড়তে প্রবাসীদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে একটি প্রতারণামূলক আইডির স্ক্রিনশটও শেয়ার করেছে দূতাবাস।
আরও
সতর্কবার্তায় আরও বলা হয়, যারা ম্যানুয়ালি তারিখ নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন, সেসব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে। প্রবাসীদের প্রতি অনুরোধ করা হয়, শুধুমাত্র সরকারি অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে।
এর আগে একইদিন বিকেল সোয়া পাঁচটার দিকে আরেকটি পোস্টে দূতাবাস জানায়, আগামী মাস থেকে কনস্যুলার সেবার ফি বাবদ কোনো নগদ অর্থ গ্রহণ করা হবে না। সব ধরনের ফি কেবল ব্যাংক কার্ডের মাধ্যমে প্রদান করতে হবে।
দূতাবাসের এ পদক্ষেপকে প্রবাসীরা স্বাগত জানালেও সতর্কবার্তায় তারা প্রতারণা রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।












