উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট তৈরির সহায়তার নামে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে উত্তরা দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জান-মাল রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড দমনে তারা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে পাসপোর্ট অফিস এলাকায় তৎপর দালাল চক্রের সাত সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণের প্রমাণ পাওয়া গেছে বলে সেনা সদস্যরা নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের উত্তরা তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও
দিয়াবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধ এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











