রাশিয়ার দূরপ্রাচ্যের পূর্ব কামচাটকা অঞ্চলে প্রায় ৫০০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে ওই এলাকায় যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেটির পরপরই এই অগ্ন্যুৎপাত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রামের তথ্যমতে, ১৫ শতকে সর্বশেষ সক্রিয় হওয়া ক্র্যাশেনিনিকভ আগ্নেয়গিরি থেকে এবার ছাইয়ের বিশাল কুণ্ডলী নির্গত হতে দেখা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতেও ছাইয়ের স্তম্ভ ৬ কিলোমিটার উচ্চতায় উঠে যেতে দেখা গেছে।
রুশ জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে লাভার স্রোত প্রশান্ত মহাসাগরের দিকে প্রবাহিত হচ্ছে। তবে আশার বিষয়, লাভার পথে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই এবং এখন পর্যন্ত কোনো জনবসতিতে ছাই পড়ার খবরও পাওয়া যায়নি।
আরও
তবে সতর্কতা হিসেবে আগ্নেয়গিরিটিকে ‘কমলা’ রঙের বিমান চলাচল সতর্কতা কোড দেওয়া হয়েছে, যার অর্থ বিমান চলাচলে সম্ভাব্য বিঘ্ন ঘটতে পারে। এই রঙের কোড সাধারণত মাঝারি মাত্রার ঝুঁকিকে বোঝায়।
উল্লেখ্য, এই অগ্ন্যুৎপাতটি ঘটেছে ঠিক সেই সময়, যখন কয়েকদিন আগেই একই অঞ্চলের আরেকটি সক্রিয় আগ্নেয়গিরি, ক্লাইচেভস্কয়, অগ্ন্যুৎপাত ঘটায়। এটি ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। এ অবস্থায় কামচাটকা অঞ্চলের ভৌগলিক গতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।









