ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে এক চাঞ্চল্যকর প্রতারণা কেলেঙ্কারির ঘটনার উদ্ঘাটন করেছে পুলিশ। সামিরা ফাতিমা নামে এক নারী আটবার বিয়ে করে স্বামীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। নবম বিয়ের পরিকল্পনা করার সময়ই তাকে নাগপুরের একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, সামিরা মূলত ধনী পুরুষদের লক্ষ্য করে প্রতারণার ফাঁদ পাততেন। বিভিন্ন সময়ে বিয়ের পর তিনি স্বামীদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়েছে।
তদন্তে আরও জানা যায়, সামিরা একজন শিক্ষিত নারী এবং পেশায় শিক্ষিকা হলেও তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রের অন্য সদস্যদের সহায়তায় তিনি একের পর এক স্বামীকে আর্থিকভাবে নিঃস্ব করে দিতেন। এমনকি তার এক স্বামীর কাছ থেকে তিনি ৫০ লাখ রুপি এবং আরেকজনের কাছ থেকে ১৫ লাখ রুপি হাতিয়ে নিয়েছেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আরও
সামিরা বিয়ের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহার করে সম্ভাব্য শিকার খুঁজে বেড়াতেন। নিজেকে ডিভোর্সপ্রাপ্ত ও সন্তানের মা হিসেবে পরিচয় দিয়ে পুরুষদের সঙ্গে আবেগঘন সম্পর্ক তৈরি করতেন এবং পরে তা বিয়েতে রূপান্তরিত করতেন।
পুলিশের ধারণা, বিগত ১৫ বছর ধরে তিনি একই কায়দায় বহু পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। তাকে আইনের আওতায় আনা হলেও তদন্ত চলছে—এই চক্রে আর কারা জড়িত, এবং আরও কতজন প্রতারিত হয়েছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।











