Long Popup (2)
সর্বশেষ

খেলা চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা গেলেন আম্পায়ার

খেলা চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা গেলেন আম্পায়ারProbashircityWebPopupUpdate

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) প্রখ্যাত আম্পায়ার প্রসাদ মালগাঁওকর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে খেলার সময় মাঠেই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বুধবার (১৭ এপ্রিল) মুম্বাইয়ের ক্রস ময়দানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ভামা কাপ ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালন করছিলেন তিনি।

কেআরপি একাদশ ও ক্রেসেন্ট সিসির মধ্যকার ম্যাচের দশম ওভারের পরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তিনি শ্বাসকষ্টের কথা জানান, এরপর মাঠেই মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সহ-আম্পায়ার প্রতমেশ আঙ্গানে জানান, ম্যাচ শুরুর আগেই মালগাঁওকর অ্যাসিডিটির কথা বলেছিলেন। বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও তিনি মাঠে দায়িত্ব পালন চালিয়ে যান। দশ ওভার পর্যন্ত সব ঠিক থাকলেও, ১০.২ ওভারের সময় হঠাৎই পড়ে যান এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

খেলোয়াড়দের সহায়তায় মালগাঁওকরকে দ্রুত একটি চরপাইতে করে মাঠ থেকে সরিয়ে এনে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়, পরে ট্যাক্সিতে করে তাকে বোম্বে হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বোম্বে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মালগাঁওকরকে হাসপাতালে আনার সময় তার রক্তচাপ ও অক্সিজেন লেভেল পাওয়া যাচ্ছিল না। ইসিজি রিপোর্টে ‘ফ্ল্যাট লাইন’ ধরা পড়ে এবং তার পিউপিলও প্রসারিত ছিল, যা মৃত অবস্থারই ইঙ্গিত দেয়। খেলার মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিজ্ঞ আম্পায়ার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate