সর্বশেষ

বিতর্কিত ওয়াক্‌ফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত

বিতর্কিত ওয়াক্‌ফ বিলের প্রতিবাদে উত্তাল ভারতProbashir city Popup 19 03

ভারতের লোকসভায় বিতর্কিত মুসলিম ওয়াক্‌ফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদে বিক্ষোভ হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো।

অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাঁদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, ‘আমরা ওয়াক্‌ফ সংশোধনী মানছি না’, ‘ওয়াক্‌ফ বিল প্রত্যাহার করুন’।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পরপরই ইসলাম ধর্মাবলম্বীরা এই বিক্ষোভে অংশ নেন। এদিন কলকাতায় প্রতিবাদের বহর ছিল অনেক বড়। গুজরাটের আহমেদাবাদেও এদিন ওয়াক্‌ফ সংশোধনীর বিরোধিতায় পথে নামেন ইসলাম ধর্মাবলম্বীরা।

সেখানে আন্দোলনকারীদের ওপর পুলিশকে চড়াও হতে দেখা গেছে। ওয়াক্‌ফ সংশোধনীর প্রতিবাদ জানিয়ে প্রবীণরা রাস্তায় বসলে তাঁদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ।
চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াক্‌ফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাঝাগাম (টিভিকে)।

টিভিকে কর্মীরা শুধু চেন্নাই নয়, সেই সঙ্গে তামিলনাড়ুর অন্যান্য বড় শহরেও বিপুল জমায়েত করেন।

আন্দোলনের ঝাঁঝ ছড়িয়ে পড়ে কোয়েম্বাটোর এবং তিরুচিরাপল্লির মতো শহরেও। বিক্ষোভকারীরা সমবেতভাবে স্লোগান তোলেন, ‘ওয়াক্‌ফ বিল প্রত্যাহার করুন’, ‘মুসলমানদের অধিকার কেড়ে নেবেন না’।
ওয়াক্‌ফ বিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বাংলার মুসলমানদের অধিকার ক্ষুণ্ন হতে দেবেন না।

জাতীয়ভাবে বিজেপির প্রধান বিরোধী কংগ্রেসও ওয়াক্‌ফ বিলের তুমুল বিরোধিতা করেছে। তারা বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছে।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাস হওয়ার পর উচ্চকক্ষ রাজ্যসভায়ও সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে ওয়াক্‌ফ সংশোধনী বিল পাস হয়েছে। দীর্ঘ বিতর্কের পর বৃহস্পতিবার রাতে ১২৮-৯৫ ভোটে বিলটি পার্লামেন্টের শেষ বৈতরণি পার করে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03