দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেতে চলেছে। ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্য প্রিয়া সরোজ। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের একটি বিলাসবহুল হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের চার হাত এক হবে। গত বছরের ৮ জুন লখনউতেই দুই পরিবারের সম্মতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। আসন্ন বিয়ের আনুষ্ঠানিকতায় দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের পাশাপাশি ভারতীয় দলের ক্রিকেটার এবং রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে বিয়ের জোর প্রস্তুতি শুরু করেছে দুই পরিবার।

মাঠের ক্রিকেটে রিংকুর আক্রমণাত্মক ব্যাটিং সবার পরিচিত হলেও, তার প্রেমের গল্পটি বেশ রোমান্টিক। গত বছর এক সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে নিজের প্রণয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন এই তারকা ক্রিকেটার। রিংকু জানিয়েছিলেন, করোনাকালে আইপিএল চলাকালীন সমাজমাধ্যমে একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখে তিনি প্রথম মুগ্ধ হন। তবে নিজে থেকে বার্তা পাঠাতে কিছুটা দ্বিধায় ছিলেন। পরবর্তীতে প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে ‘লাইক’ দিলে সেই সূত্র ধরে দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। ধীরে ধীরে সেই আলাপ রূপ নেয় গভীর প্রণয়ে এবং ২০২২ সাল থেকে তারা একে অপরের প্রতি তীব্র ভালোবাসা অনুভব করতে শুরু করেন।
আরও


ক্রিকেট ও রাজনীতির এই মেলবন্ধন ঘিরে ভক্তদের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ১৯৯৮ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করা প্রিয়া সরোজ পেশায় একজন আইনজীবী এবং রাজনৈতিক পরিবারের সন্তান। ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত মছলিশহর আসন থেকে নির্বাচিত হয়ে দেশের অন্যতম কনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে চমক দেখান তিনি। অন্যদিকে, ১৯৯৭ সালের ১২ অক্টোবর উত্তর প্রদেশের আলীগড়ে জন্ম নেওয়া রিংকু সিং অনেক প্রতিকূলতা পেরিয়ে জাতীয় দলে নিজের জায়গা পাকা করেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অবিশ্বাস্য পারফর্ম করে সুযোগ পাওয়া এই ক্রিকেটার ইতোমধ্যে ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।










