Long Popup (2)
সর্বশেষ

টাঙ্গাইলের চরাঞ্চল থেকে যুক্তরাজ্যে আইন স্নাতক সোহান

FdggProbashircityWebPopupUpdate

টাঙ্গাইলের চরাঞ্চল থেকে উঠে আসা এক তরুণের স্বপ্নযাত্রা এবার পূর্ণতা পেল যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চে। টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের সন্তান শেখ মাজহারুল ইসলাম সোহান যুক্তরাজ্যের ওয়েলসের ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে সফলভাবে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই ডিগ্রি তুলে দেওয়া হয়। প্রত্যন্ত চরাঞ্চল থেকে গিয়ে যুক্তরাজ্যের মতো দেশে উচ্চশিক্ষা সম্পন্ন করার এই অর্জন তাঁর দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও পরিবারের ত্যাগের এক অনন্য স্বীকৃতি।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাহাবুদ্দিন ও মরিয়ম বেগমের সন্তান শেখ মাজহারুল ইসলাম সোহান। তিনি ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের প্রাক্তন শিক্ষার্থী। উচ্চশিক্ষার এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করতে গিয়ে তাঁকে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। পরিচিত পরিবেশ ও পরিবার থেকে হাজার মাইল দূরে সম্পূর্ণ নতুন এক দেশের শিক্ষাব্যবস্থা ও জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া মোটেও সহজ ছিল না। তবে নিজের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে তিনি সব বাধা পেরিয়ে কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে এনেছেন।

নিজের এই অর্জন ও অনুভূতির কথা জানাতে গিয়ে সোহান বলেন, তিনি চর এলাকার সন্তান এবং টাঙ্গাইল সদরের কাতুলী ইউনিয়নই তাঁর শেকড়। পড়াশোনার কারণে গ্রামের বাড়িতে খুব বেশি থাকা না হলেও নিজের শেকড়কে তিনি সব সময় হৃদয়ে ধারণ করেন। একজন সেনাসদস্যের সন্তান হিসেবে শৃঙ্খলা ও সংগ্রামের মধ্য দিয়েই তাঁর পথচলা শুরু হয়েছিল। চরাঞ্চল থেকে একদিন যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করবেন, তা একসময় তাঁর কাছে স্বপ্নের মতোই ছিল। সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং বাবা-মায়ের সর্বোচ্চ ত্যাগের কারণেই আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করেন তিনি।

দীর্ঘদিনের পরিশ্রম ও ত্যাগের এই সাফল্যকে কেবল নিজের একার অর্জন হিসেবে দেখতে নারাজ শেখ সোহান। তাঁর মতে, এটি পশ্চিম টাঙ্গাইল, বিশেষ করে কাতুলী ইউনিয়নের সব মানুষের অর্জন। তাঁর এই পথচলা প্রতিটি স্বপ্নবাজ তরুণের কাছে একটি বার্তা পৌঁছে দেবে বলে তিনি আশা করেন। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই তরুণ জানান, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশ ও সমাজের অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান। আইনশিক্ষাকে মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার কাজে ব্যবহার করাই তাঁর জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। প্রতিকূলতা যত বড়ই হোক না কেন, লক্ষ্য স্থির রেখে চেষ্টা চালিয়ে গেলে যে স্বপ্ন সত্যি হয়, চরের মাটি থেকে ওয়েলসের সমাবর্তন মঞ্চে পৌঁছানো সোহানের এই যাত্রাই তার সবচেয়ে বড় প্রমাণ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate