Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে আকামা নবায়নে কফিল পরিবর্তনের সুযোগ বাংলাদেশিদের

1785869001 325d75704cea8d6337e02b6422debb83ProbashircityWebPopupUpdate

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীরা এখন থেকে পুরোনো কফিল বা নিয়োগকর্তার মাধ্যমে কাজের অনুমোদন বা রেসিডেন্সি পারমিট (আকামা) নবায়ন করতে না পারলে, কফিল পরিবর্তন করে তা নবায়নের সুযোগ পাবেন। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সৌদি আরবের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

আকামা নবায়নের ক্ষেত্রে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা সৌদিতে আকামা নবায়নের সময় সবচেয়ে বেশি জটিলতায় পড়েন। বিষয়টি নিয়ে সৌদি প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিনিধিদলটি নিশ্চিত করেছে যে, যেসব কর্মী পুরোনো কফিলের অধীনে আকামা নবায়ন করতে ব্যর্থ হবেন, তারা চাইলে নিয়ম মেনে কফিল পরিবর্তন করে আকামা নবায়ন করতে পারবেন। পাশাপাশি, সৌদিতে অবস্থানরত প্রবাসীরা যেন কর্মক্ষেত্রে উপযুক্ত অধিকার ও মর্যাদা পান এবং দুই দেশের অর্থনীতিতে তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হয়, সে বিষয়টিও বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

আগামী দিনগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমবাজারের অপার সম্ভাবনার কথাও উঠে আসে এ দিনের আলোচনায়। প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে তাদের প্রচুর লোকবলের প্রয়োজন। এ কারণে প্রথাগত সাধারণ শ্রমিকের পাশাপাশি আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, চিকিৎসক ও প্রকৌশলীর মতো কারিগরি খাতে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে দেশটিতে। এই দক্ষ জনবল নেওয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

এ ছাড়া বৈঠকে নৈতিক নিয়োগপ্রক্রিয়া উৎসাহিত করতে দুই দেশের যৌথ উদ্যোগ এবং ছোটখাটো অপরাধে সৌদির কারাগারে আটক বাংলাদেশিদের ক্ষমা করে দেশে ফেরার সুযোগ দেওয়ার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। সৌদি প্রতিনিধিদলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলারবিষয়ক ডেপুটি মিনিস্টার ড. মোহাম্মদ এ এম আলশামেরি, মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এই বৈঠকে অংশ নেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate