প্রবাসী বাংলাদেশিদের আয় কার্যকরভাবে ব্যবহার ও দেশে বিনিয়োগ উৎসাহিত করতে ‘অনাবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ নামে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রবাসী আয়ের সঙ্গে বিনিয়োগের সংযোগ বাড়ানো এবং অফশোর ব্যাংকিং ইউনিটের কার্যক্রম সম্প্রসারণই এর মূল লক্ষ্য। বৈধ চ্যানেলে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে প্রবাসীরা এই হিসাব খুলতে পারবেন।
গ্রাহকের সুবিধার্থে এই হিসাবটি চলতি, সঞ্চয়ী বা মেয়াদি আমানত হিসেবে খোলার সুযোগ রাখা হয়েছে। এই হিসাবে জমা রাখা মূল অর্থ ও অর্জিত মুনাফা সম্পূর্ণরূপে বিদেশে প্রত্যাবাসনযোগ্য। পাশাপাশি, এই অর্থ দিয়ে দেশের ভেতরে প্রয়োজনীয় বিল পরিশোধ, বিদেশি মুদ্রায় রূপান্তর এবং প্রত্যক্ষ বা পোর্টফোলিও বিনিয়োগ করা যাবে। অনুমোদিত বিনিয়োগের আয়ও এখানে নিশ্চিন্তে জমা রাখা সম্ভব।
গচ্ছিত এই অর্থ জামানত রেখে প্রবাসীরা বা তাঁদের মনোনীত ব্যক্তিরা ব্যবসায়িক ও ব্যক্তিগত ঋণ নিতে পারবেন। এছাড়া অফশোর ইউনিটগুলো এই অর্থ দিয়ে বিশেষায়িত টাইপ-এ শিল্পপ্রতিষ্ঠানকে চলতি ব্যয় মেটাতে ঋণ দিতে পারবে। তবে কৃষি, প্ল্যান্টেশন বা আবাসন খাতে এই ঋণ ব্যবহার করা যাবে না। নতুন এই উদ্যোগ দেশীয় বিনিয়োগে প্রবাসীদের অংশগ্রহণ আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।



![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)






