Opens in a new tab
সর্বশেষ

ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিলেন মা

]jkhggWeb Popup (3)

বিশ্ব মা দিবসে এক অনন্য ভালোবাসা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করলেন শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার এক মা। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগতে থাকা ছেলে নাসিম জাহান আকাশকে নিজের একটি কিডনি উপহার দিয়েছেন তার মা নাসিমা সুলতানা।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে আকাশের দুটি কিডনিই বিকল হয়ে যায়। এরপর থেকেই পরিবারটি ছেলের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিল। নানা পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার পর শেষ পর্যন্ত সন্তানের জীবন বাঁচাতে নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মা নাসিমা সুলতানা। তিনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রোববার (১০ মে) বিশ্ব মা দিবসেই ঢাকায় আকাশের কিডনি প্রতিস্থাপন অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অপারেশনটি করবেন দেশের খ্যাতিমান কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। তিনি ঢাকার শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। স্বল্প খরচে এবং অনেক ক্ষেত্রে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিনি দেশজুড়ে প্রশংসিত। চিকিৎসাখাতে বিশেষ অবদানের জন্য ২০২২ সালে তিনি স্বাধীনতা পুরস্কারও লাভ করেন।

স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী ইমরান হোসাইন জানান, জাজিরা উপজেলা আবারও এক মানবিক ভালোবাসার ইতিহাসের সাক্ষী হলো। সন্তানের জীবন বাঁচাতে আকাশের মা নিজের শরীরের একটি কিডনি দান করেছেন। একজন মা শুধু সন্তানকে জন্মই দেন না, প্রয়োজনে নিজের শরীরের অংশ দিয়েও সন্তানের জীবন রক্ষা করেন। আকাশ হয়তো সারা জীবন মনে রাখবেন, একবার মা তাকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন, আরেকবার মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনে নতুন জীবন উপহার দিলেন। জাজিরার এই ঘটনা শুধু একটি চিকিৎসা নয়, এটি মা সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। আল্লাহর রহমতে আকাশ দ্রুত সুস্থ হয়ে উঠুক, এমন দোয়া সকলের।

এ বিষয়ে আকাশের বড় বোন বৃষ্টি বলেন, মা দিবসে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা দিচ্ছে আমার মা। নিজের সন্তানের জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন তিনি। সবার কাছে আমার মা ও ভাইয়ের জন্য দোয়া চাই।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup