অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেওয়ার সময় অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে দেশটির সরকার। আজ বুধবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) তাঁর ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, আজহারী তাঁর এক বক্তৃতায় হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি ইহুদিদের বিশ্বের ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেন। এমনকি বিশ্বে এইডসসহ বিভিন্ন সমস্যার জন্য ইহুদিদের দায়ী করে তিনি অভিযোগ করেন যে, এই রোগটি তারাই আবিষ্কার করেছে। অনলাইনে তাঁর প্রায় এক কোটি অনুসারী রয়েছে এবং তিনি নিয়মিত এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বক্তৃতা দিয়ে থাকেন।
জানা গেছে, ‘বিশ্বাসের উত্তরাধিকার’ শীর্ষক সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফর করছিলেন মিজানুর রহমান আজহারী। গত সোমবার রাতে ব্রিসবেনে তাঁর প্রথম বক্তৃতাটি অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তাঁর বক্তৃতা দেওয়ার কথা ছিল।
আরও
এদিকে, আজহারীর এই সফরের বিষয়ে আগে থেকেই সরকারের উচ্চপর্যায়ে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সিনেটর জোনাথন ডুনিয়াম। আজ বুধবার সকালে সিনেটে তিনি জানান, বাংলাদেশভিত্তিক অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছে আজহারীর বিতর্কিত মন্তব্যের বিষয়ে আগেই উদ্বেগ জানানো হয়েছিল।










