ভাগ্য পরিবর্তনের আশায় সাত বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান মাদারীপুরের ডাসার উপজেলার যুবক সজিব বেপারী। প্রবাস জীবনে সেখানে তার পরিচয় হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহেরা দত্তএ নামের এক তরুণীর সঙ্গে। পরিচয় থেকে বন্ধুত্ব, আর সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পারিবারিক সম্মতিতে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে, এবং তাদের সংসারে আসে এক কন্যাসন্তান।

দীর্ঘ সাত বছর পর স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে শ্বশুরবাড়িতে আসেন মাহেরা। সজিবের নিজ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে গায়ে হলুদ, বৌভাতসহ আয়োজন করা হয় পারিবারিকভাবে। এই আয়োজনে অংশ নিয়ে এবং গ্রামবাংলার পরিবেশ দেখে দারুণ উচ্ছ্বসিত মাহেরা। বিদেশি পুত্রবধূকে এক নজর দেখতে মাদারীপুরের দক্ষিণ ভাউতলী গ্রামে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা গেছে।
আরও


পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সজিব দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি সুপারশপ ব্যবসা পরিচালনা করেন। চার বছর আগে সেখানেই মাহেরার সঙ্গে তার পরিচয় হয়। ভালো লাগা থেকেই দুজনের সম্পর্ক এগিয়ে যায় এবং ২০২৩ সালের ১৮ জুন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি মাসের শেষ দিকে পরিবার নিয়ে আবারও দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।


মাহেরা দত্তএ বলেন, সজিবের সঙ্গে পরিচয়ের পর থেকেই তার ব্যবহার ও আন্তরিকতায় তিনি মুগ্ধ হন। পরিবারে অনুমতি পাওয়ার পর বিয়ে করেন তারা। বাংলাদেশ সম্পর্কে তার অনুভূতি জানিয়ে তিনি বলেন, এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। অন্যদিকে সজিব বেপারী জানান, প্রবাস জীবনের সুবাদেই এই সম্পর্ক গড়ে ওঠে এবং ভালোবাসা থেকেই তারা সংসার শুরু করেছেন।
সজিবের পরিবারও নতুন পুত্রবধূকে সাদরে গ্রহণ করেছে। তার মা লিপি বেগম বলেন, শুরুতে কিছুটা দুশ্চিন্তা থাকলেও মাহেরাকে কাছে পেয়ে সব সংশয় কেটে গেছে। আর বাবা মিন্টু বেপারী সবার কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন, যেন তারা সুখে-শান্তিতে জীবন কাটাতে পারেন।










