প্রবাসীদের জন্য মোবাইল ফোন আনার নিয়মে সরকারের সুবিধা বৃদ্ধির বিষয়টি পরিষ্কার করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, এখন থেকে প্রবাসীরা নিজ ব্যবহৃত মোবাইল ফোনের পাশাপাশি বিদেশ থেকে দুইটি নতুন মোবাইল সেট দেশে আনতে পারবেন। এই সুবিধা প্রবাসীদের সহায়তার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে কার্যকর করা হচ্ছে।
ড. নজরুল বলেন, এর আগে শেখ হাসিনা সরকারের সময় প্রবাসীরা নিজ ব্যবহৃত সেটের সঙ্গে মাত্র একটি নতুন ফোন আনতে পারতেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন অতিরিক্ত সুবিধা হিসেবে দুইটি নতুন ফোন আনার অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সংখ্যার বেশি ফোন আনলে শুধু অতিরিক্ত সেটের ওপর কর দিতে হবে। এই সুবিধা শুধুমাত্র বিএমইটি থেকে ছাড়পত্র নিয়ে বিদেশগামী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যদের জন্য আগের নিয়মই বহাল থাকবে।
মোবাইল রেজিস্ট্রেশন নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিরও অবসান ঘটান উপদেষ্টা। তিনি জানান, মোবাইল রেজিস্ট্রেশনের কোনো নতুন আইন প্রবাসীদের লক্ষ্য করে করা হয়নি। বরং ১৬ ডিসেম্বর থেকে যে কেউ দেশে নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেট রেজিস্ট্রেশন করতে হবে—এ নিয়ম দেশের প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য। অবৈধ মোবাইল ব্যবহার করে অপহরণ, চাঁদাবাজি, জুয়া ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন যে প্রবাসীরা নাকি দেশে সর্বোচ্চ ৬০ দিন থাকতে পারবেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। প্রবাসীদের এ ধরনের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গিবত ও মিথ্যাচার ছড়ানো ইসলামের দৃষ্টিতে গুরুতর পাপ বলেও মন্তব্য করেন উপদেষ্টা।












