প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র প্রবাসীদের জন্য ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ অক্টোবর) আগারগাঁও নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা—নিজ দেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়া। এবার সেই দাবি পূরণের পথে ইসি পদক্ষেপ নিয়েছে। বর্তমানে পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশনের হার মাত্র ২ দশমিক ৭ শতাংশ হলেও কমিশন আশাবাদী, এবার অংশগ্রহণ বাড়বে। প্রাথমিকভাবে ১০ লাখ ব্যালট ছাপানো হবে এবং নিবন্ধনের সংখ্যা দেখে পরবর্তী ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংলাপে নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার এখন বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। এটি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার জন্যও বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। সীমাবদ্ধতা আরোপ করলে ভুল তথ্য যেমন রোধ হবে না, তেমনি সত্য তথ্যও বাধাগ্রস্ত হতে পারে।”
আরও
তিনি জানান, ইসি সরাসরি কোনো সীমাবদ্ধতা আরোপের পরিকল্পনা করছে না, তবে আচরণবিধিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি থাকবে। আইসিটি আইনসহ প্রচলিত আইনের মাধ্যমেও অপতথ্য নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হবে। নভেম্বর থেকে সচেতনতা কার্যক্রম ও প্রতিরোধমূলক উদ্যোগ শুরু করার পরিকল্পনা রয়েছে।
সংলাপে নির্বাচন কমিশনার আবদুর রহিম মাছউদ বলেন, এআই অপব্যবহার রোধে আরপিও ও আচরণবিধিতে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিধান যোগ করা হয়েছে, যাতে শাস্তির ব্যবস্থাও রয়েছে। তিনি গণমাধ্যমকে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, গণমাধ্যম প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












