রেসিডেন্সি (আকামা), সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহেই ৯ হাজার ৯৯২ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। শনিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে ধারাবাহিক যৌথ অভিযান চালানো হয়। সাত দিনের এই সাঁড়াশি অভিযানে মোট ১১ হাজার ৮১৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আকামা বা আবাসন সংক্রান্ত আইন লঙ্ঘন, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন অমান্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি (আউটপাস/পাসপোর্ট) সংগ্রহের লক্ষ্যে বর্তমানে ১৯ হাজার ৮৯৩ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ৪ হাজার ৯১ জন নির্বাসনের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করছেন। একই সঙ্গে বিভিন্ন অপরাধে আটক আরও ৩২ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে বর্তমানে আইনি পদক্ষেপ চলমান রয়েছে, যাদের মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।
আরও
এদিকে অভিযানকালে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৮২ জনকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। তাদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার, ৩৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে সীমান্ত দিয়ে সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আরও ৩২ জনকে হাতেনাতে আটক করা হয়। অবৈধভাবে সৌদিতে অবস্থানকারী কিংবা তাদের আশ্রয় ও কর্মসংস্থান প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ।










