সর্বশেষ

এক বছরেই ৩ ঈদ ও ২ হজের বিরল সম্ভাবনা!

Eid 031026Web Popup (3)

ইংরেজি বা গ্রেগরিয়ান বর্ষপঞ্জির একই বছরের ভেতরে তিনটি ঈদ ও দুটি হজ পালনের এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। ২০৩৯ সালে এই অভাবনীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌর ও চান্দ্র বর্ষপঞ্জির মধ্যকার দিনের পার্থক্যের কারণেই এমন ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হবে।

ড. আল মিসনাদের হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই অর্থাৎ ৬ জানুয়ারি (১০ জিলহজ ১৪৬০ হিজরি) পবিত্র হজ শেষে প্রথম ঈদুল আজহা উদযাপিত হবে। এরপর ওই বছরেরই শেষ দিকে, সম্ভাব্য ১৯ অক্টোবর পালিত হবে ঈদুল ফিতর। হিজরি বর্ষ তার পূর্ণ চক্র সম্পন্ন করে বছর শেষে আবারও ফিরে আসবে। ফলে একই গ্রেগরিয়ান বছরের ২৬ ডিসেম্বর (১০ জিলহজ ১৪৬১ হিজরি) দ্বিতীয়বারের মতো হজ ও ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এর অর্থ হলো, ওই একটি বছরেই ধর্মপ্রাণ মুসলমানরা দুটি পবিত্র হজ, দুটি ঈদুল আজহা ও একটি ঈদুল ফিতর মিলিয়ে মোট তিনটি ঈদ উদযাপনের বিরল সুযোগ পাবেন। একই সঙ্গে দুই হজের আগে পৃথকভাবে আরাফার দিনও পালিত হবে।

চান্দ্র ক্যালেন্ডারের এই আবর্তনের প্রভাব শুধু হজ বা ঈদের মৌসুমেই সীমাবদ্ধ থাকছে না, পবিত্র রমজান মাসেও এমন ঘটনা ঘটতে যাচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০৩০ সালে মুসলমানরা একই বছরে দুবার রমজান মাস পালন করবেন—যার একটি পড়বে জানুয়ারিতে এবং অন্যটি ডিসেম্বরে। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে অর্থাৎ ৩৩ বছর আগে এমন ঘটনা ঘটেছিল। মূলত ইসলামি হিজরি বর্ষ চান্দ্র মাসের ওপর নির্ভরশীল হওয়ায় এর মেয়াদ হয় ৩৫৪ বা ৩৫৫ দিন। অন্যদিকে গ্রেগরিয়ান বর্ষ সৌরভিত্তিক হওয়ায় এর দৈর্ঘ্য ৩৬৫ বা ৩৬৬ দিন। প্রতি বছর এই ১০ থেকে ১১ দিনের ব্যবধানের কারণেই পবিত্র হজ, ঈদ ও রমজানের সময়গুলো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ধীরে ধীরে এগিয়ে আসে।

সূত্র: গালফ নিউজ

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup