সর্বশেষ

সৌদিজুড়ে ব্যাপক বজ্রঝড়-বৃষ্টি, রিয়াদে ধূলিঝড়ের সতর্কতা

Saudi red alert mediumWeb Popup (3)

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ এর আশপাশের কয়েকটি এলাকায় ধূলিঝড়, শক্তিশালী বাতাস ও দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। এর পাশাপাশি দেশের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে। আবহাওয়া কেন্দ্রটি রিয়াদ অঞ্চলের কয়েকটি গভর্নরেটে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধূলিবাহী বাতাসের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা এবং মদিনা অঞ্চলের কিছু অংশে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও দমকা হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ ছাড়া তাবুক, আল-জউফ, হাইল, নর্দান বর্ডারস, কাসিমের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু এলাকায় তীব্র বাতাসসহ হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রঝড় হতে পারে। আবহাওয়া পরিস্থিতির এমন অবনতির মধ্যেই উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। সাম্প্রতিক এই বৃষ্টির কারণে তুরাইফ গভর্নরেটসহ আশপাশের উপত্যকা ও প্রাকৃতিক খাতগুলোর গাছপালা সতেজ হয়ে উঠেছে এবং প্রকৃতিতে নতুন প্রাণ ফিরে এসেছে।

সাম্প্রতিক এই সতর্কতার পাশাপাশি চলতি অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এনসিএম। সংস্থাটি জানিয়েছে, শরৎকালে সৌদি আরবের অধিকাংশ এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হতে পারে, যা কিছু অঞ্চলে অতিভারী বর্ষণে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জাজান, আসির, মক্কা, মদিনা, রিয়াদসহ দেশের বিস্তীর্ণ অংশে এই অধিক বৃষ্টিপাতের ধারা নভেম্বর মাসজুড়েও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup