সৌদি আরবে দুপুরে বাইরে কাজ করার ওপর আরোপিত তিন মাসের নিষেধাজ্ঞা র মেয়াদ শেষ হয়েছে। মঙ্গলবার এই বিধিনিষেধের অবসান ঘটে। গ্রীষ্মের তীব্র দাবদাহ, হিট স্ট্রোক ও নানাবিধ স্বাস্থ্যঝুঁকি থেকে শ্রমিকদের সুরক্ষায় গত ১৫ জুন থেকে এই নিয়ম কার্যকর করেছিল দেশটি।
নিয়ম অনুযায়ী, টানা তিন মাস প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রখর রোদে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। বেসরকারি খাতের সব প্রতিষ্ঠান, বিশেষ করে নির্মাণকাজ, পরিচ্ছন্নতা ও সড়ক রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য এই নিয়ম মানা বাধ্যতামূলক করা হয়। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নিয়োগকর্তাদের কড়া নির্দেশ দিয়েছিল কাজের সময় সমন্বয় করার পাশাপাশি বিশ্রাম নেওয়ার জন্য ছায়াযুক্ত স্থান ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে।
শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগ ব্যাপকভাবে সফল হয়েছে। গত তিন মাসে সৌদিজুড়ে প্রায় ৩০ হাজার পরিদর্শনের ঘটনা ঘটে, যেখানে নিয়ম মানার হার ছিল ৯৫ শতাংশ। এর মাঝেও প্রায় পৌনে দুই হাজার লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে এবং বেশ কিছু অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিসংখ্যান প্রমাণ করে যে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এখন নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ ভালো মাত্রায় সচেতনতা তৈরি হয়েছে।









