সৌদি আরবে আরও এক বাংলাদেশিকে ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির জননিরাপত্তা বিভাগ এক বিবৃতির মাধ্যমে জানায়, নাজরান রিজিওন পুলিশ ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকার অপরাধে ওই বাংলাদেশিকে আটক করে। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনার মাত্র ৫ দিন আগেই মদিনাতে একই অভিযোগে অপর এক বাংলাদেশিকে আটক করার কথা জানানো হয়।

সৌদিতে প্রবাসীদের একাংশের বিরুদ্ধে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার অভিযোগ বেশ পুরোনো। যা দেশটিতে পরিশ্রমী প্রবাসীদের পাশাপাশি নিজ দেশের ভাবমূর্তিও চরমভাবে ক্ষুণ্ন করছে। জননিরাপত্তা কর্তৃপক্ষের বিবৃতিতে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, তারা যেন রাস্তায় বা জনসমক্ষে কাউকে টাকা না দেন। এর বদলে অনুমোদিত সরকারি দাতব্য প্ল্যাটফর্মের মাধ্যমে অনুদান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও
আইন অনুযায়ী, দেশটিতে এই অপরাধের প্রমাণ মিললে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী অনেক ক্ষেত্রে উভয় দণ্ডই একসঙ্গে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি বিদেশি নাগরিক হলে সাজা ভোগের পর তাকে সরাসরি নিজ দেশে ডিপোর্ট করা হয়।







