সৌদি আরবের মক্কা অঞ্চলের রাবিগ উপকূলে সাগরে নৌযান বিকল হয়ে আটকে পড়া দুই বাংলাদেশি নাগরিককে নিরাপদে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধারের পর তাঁদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসহ সার্বিক সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মক্কা অঞ্চলের রাবিগে দায়িত্ব পালনকারী সৌদি সীমান্তরক্ষী বাহিনীর বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল সাগরে একটি নৌযান বিকল হওয়ার খবর পায়। তাৎক্ষণিকভাবে তারা উদ্ধার তৎপরতা শুরু করে এবং মাঝসাগর থেকে ওই দুই বাংলাদেশিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসে। তবে উদ্ধার হওয়া প্রবাসী ওই দুই বাংলাদেশির বিস্তারিত নাম-পরিচয় প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে এ ঘটনার পর সৌদি সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদপ্তর থেকে সমুদ্রযাত্রীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সাগরে যাত্রা শুরুর আগেই নৌযানের ফিটনেস বা চলাচলের উপযোগিতা ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌপথে যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলে অবস্থানকারীদের ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৪ নম্বরে দ্রুত যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।










