সৌদি আরবে বাংলাদেশিদের পাসপোর্ট সেবা বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসীরা। এসব বিভ্রান্তিকর তথ্যের অবসান এবং প্রকৃত সত্য তুলে ধরার দাবিতে জেদ্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘প্রবাসী বাংলাদেশি সচেতন মহল’। সম্প্রতি আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে প্রবাসীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার পাশাপাশি পাসপোর্ট সেবা আরও সহজ ও আধুনিক করার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, চলতি বছরের জানুয়ারি মাসেও ঠিক একই ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। বর্তমানে আবারও সেই একই গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ায় সৌদি আরবে অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসীর মধ্যে চরম বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হচ্ছে। তাঁরা উল্লেখ করেন, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন, যাঁদের জন্য ই-পাসপোর্ট ও বায়োমেট্রিক সেবা আরও সহজ, দ্রুত ও বিস্তৃত করা অত্যন্ত জরুরি। এমন পরিস্থিতিতে পাসপোর্ট হস্তান্তরের মতো স্পর্শকাতর গুজব প্রবাসীদের মনে গভীর অস্বস্তি বাড়াচ্ছে।
নাগরিকদের সংবেদনশীল পাসপোর্ট ও বায়োমেট্রিক তথ্য যেকোনো মূল্যে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন উপস্থিত বক্তারা। তাঁরা বলেন, সরকার যদি বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট সেবা বা তথ্য হস্তান্তরের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে। আর যদি এমন কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে, তবে সরকারিভাবে সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে অবিলম্বে এসব গুজবের অবসান ঘটাতে হবে। পরিশেষে সরকারের প্রতি গুজব প্রতিরোধ, প্রকৃত সত্য দ্রুত প্রকাশ এবং রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের পাসপোর্ট সেবা আরও নির্বিঘ্ন ও নিরাপদ করার উদাত্ত আহ্বান জানান প্রবাসীরা।











