Long Popup (2)
সর্বশেষ

৭ বছর পর বাড়ি ফেরার পথে সৌদিতে প্রবাসী নিহত

AlifCity

দীর্ঘ সাত বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরার আনন্দ নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তরুণ আলিফ আহমেদ চন্দন (২৪)। কিন্তু প্রিয়জনদের কাছে আর ফেরা হলো না তাঁর। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে যাওয়ার পথে তাঁকে বহনকারী প্রাইভেটকার ও একটি লরির ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারান তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনায় আলিফসহ ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন।

নিহত আলিফ পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরুরা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। পরিবারের সদস্যরা জানান, টানা সাত বছর দাম্মামে কর্মরত থাকার পর ওই দিনই তাঁর একেবারে দেশে ফেরার কথা ছিল। দুই বোনের একমাত্র ভাইকে কাছে পাওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন বাবা-মা। এর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেছিলেন আলিফ, তাই প্রিয় স্বামীর পথ চেয়ে বসেছিলেন তাঁর স্ত্রীও। বাড়িতে চলছিল উৎসবের আমেজ। কিন্তু পরম আকাঙ্ক্ষিত সেই দিনটিতেই দেশে পৌঁছাল আলিফের মৃত্যুর খবর, আর মুহূর্তেই আনন্দের অপেক্ষা পরিণত হলো বিষাদে।

সৌদি আরব প্রবাসী আলিফের মামা ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবকিছু গুছিয়ে বিমানবন্দরে যাওয়ার পথেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এদিকে ছেলের মৃত্যুর খবর মরুরা গ্রামে পৌঁছানোর পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস জানান, আনুষ্ঠানিকভাবে এখনো তথ্য না পেলেও স্থানীয়ভাবে তিনি বিষয়টি জেনেছেন। খোঁজখবর নিয়ে ওই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বর্তমানে আলিফের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তাঁর পরিবার।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate