সৌদি আরবের জিজান শহরে কর্মরত অবস্থায় ট্যাংকারের চাপায় রুবেল মিয়া (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন রুবেল। সেখানে ‘ফ্রি ভিসায়’ বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন তিনি। গতকাল জিজান শহরে দায়িত্ব পালনকালে একটি ট্যাংকার তাঁকে চাপা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সৌদিপ্রবাসী রুবেলের বন্ধু রুবেল আহমেদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বামীর আকস্মিক মৃত্যুর খবরে রুবেলের পরিবারে চলছে শোকের মাতম। নিহতের স্ত্রী রিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী আর কোনো দিন ফিরে আসবেন না—এই কঠিন সত্য মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টের। এখন অন্তত তাঁর মরদেহটি দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চাই এবং আপনজনদের উপস্থিতিতে তাঁকে দাফন করতে চাই।’
আরও
রুবেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন তাঁর স্বজনেরা।











