Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ৪ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকায় বিক্রি হলো সাদা বাজপাখি

ImageCity

সৌদি আরবে চলমান আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামে কানাডায় জন্ম নেওয়া একটি বিরল প্রজাতির সাদা বাজপাখি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। ১৩ লাখ সৌদি রিয়ালে বিক্রি হওয়া এই বাজপাখির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকারও বেশি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের নিলামে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পাখি। একই সঙ্গে ঐতিহ্যবাহী এই বার্ষিক আয়োজনের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে বাজপাখি বিক্রির ঘটনা।

রাজধানী রিয়াদ থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে মালহামের ন্যাশনাল সেন্টার ফর ফ্যালকনস সদর দপ্তরে এই জমকালো নিলামের আয়োজন করা হয়। নিলামের সপ্তম রাতে কানাডার অন্টারিওতে অবস্থিত জিম উইলসনের খামারে প্রতিপালিত অপ্রাপ্তবয়স্ক ‘থ্রি-কোয়ার্টার জাইর সুপার হোয়াইট’ প্রজাতির বাজপাখিটি বিক্রির জন্য তোলা হয়। শুরুতে এর হাঁকডাক ২ লাখ সৌদি রিয়াল (প্রায় ৬৫ লাখ ৪৬ হাজার টাকা) থেকে শুরু হলেও পাখিটিকে ঘিরে দরদাতাদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। দীর্ঘ ও ধারাবাহিক দর-কষাকষির পর শেষ পর্যন্ত আকাশছোঁয়া ১৩ লাখ রিয়ালে পাখিটি কিনে নেন এক ক্রেতা।

সৌদি আরবে বাজপাখির কদর ও ঐতিহ্যগত আভিজাত্য দীর্ঘদিনের। এই নিলামে বিক্রি হওয়া পাখিগুলো স্বয়ংক্রিয়ভাবে দেশটির অত্যন্ত জনপ্রিয় বাজপাখি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে থাকে, যেখানে মোট পুরস্কারের পরিমাণ প্রায় ১ কোটি ২৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড়শ কোটি টাকারও বেশি। আগামী ২৫ আগস্ট পর্যন্ত চলবে এবারের ফ্যালকন ব্রিডার্স অকশন। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে এই নিলামের ইতিহাসে সর্বোচ্চ ১৭ লাখ ৫০ হাজার সৌদি রিয়ালে (বর্তমানে প্রায় ৫ কোটি ৭২ লাখ টাকা) একটি ‘আল্ট্রা হোয়াইট থ্রি-কোয়ার্টার পিওর জাইর’ বাজপাখি বিক্রির রেকর্ড তৈরি হয়েছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate