সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তীব্র দাবদাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর -এনসিএম। বিশেষ করে পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের পূর্ব ও দক্ষিণাংশে এই গরমের তীব্রতা ভয়াবহ রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে।
এই চরম ভাবাপন্ন আবহাওয়ায় স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য পেতে এনসিএম-এর ওয়েবসাইট ও অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিয়মিত নজর রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তীব্র গরমের পাশাপাশি জাজান, আসির, আল-বাহা ও মক্কার উঁচু পাহাড়ি এলাকাগুলোর কোনো কোনো স্থানে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া কেন্দ্র।
এছাড়া তাবুক ও নাজরান অঞ্চলের বেশ কিছু এলাকায় ধূলিঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। দমকা বাতাসের কারণে এসব এলাকায় বালি উড়ে গিয়ে চারপাশের দৃষ্টিসীমা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। মদিনা ও মক্কার উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে জাজানের উপকূলীয় সড়ক পর্যন্ত এই ধূলিঝড়ের কারণে কিছু সময়ের জন্য দৃষ্টিসীমা একেবারে শূন্যের কোঠায় নেমে আসার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।











