Long Popup (2)
সর্বশেষ

সৌদির এক বছরের ওমরাহ ভিসা, তবুও প্রতিবার পূরণ করতে হবে বিশেষ শর্ত

Image 401217.jhojjpgCity

সৌদি আরবের একাধিকবার প্রবেশের সুবিধাসংবলিত (মাল্টিপল-এন্ট্রি) ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন হলেও একটি বিশেষ শর্তের কথা জানিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এ ধরনের ভিসা থাকলেও প্রতিবার ওমরাহ পালনের আগে দর্শনার্থীদের নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কিনতে হবে এবং নিতে হবে ওমরাহ পারমিট। আজ রোববার সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের জন্যই ‘নুসুক’ প্ল্যাটফর্মে থাকা অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কেনা বাধ্যতামূলক। শুধু তা–ই নয়, সৌদি আরবে যাওয়ার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে নিতে হবে ওমরাহ পারমিটও। উল্লেখ্য, গত জুলাই মাসে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারলেও সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো ওমরাহ পালনকারীদের সফর পরিকল্পনায় আরও বেশি নমনীয়তা দেওয়া। তবে ভিসার মেয়াদ এক বছর হওয়ার অর্থ এই নয় যে প্রতিটি সফরের ক্ষেত্রে প্রয়োজনীয় বুকিং ও অনুমতিপত্রের শর্ত বাতিল হয়ে যাবে। অর্থাৎ, শুধু বৈধ মাল্টিপল-এন্ট্রি ভিসা থাকলেই পরবর্তী সময়ে হুট করে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করা যাবে না। প্রতিবার যাওয়ার আগেই প্যাকেজ বুকিং ও পারমিট নেওয়ার প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সৌদি আরবে প্রবেশের অন্যান্য ভ্রমণসংক্রান্ত শর্তও পূরণ করা বাধ্যতামূলক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিটি সফরের জন্য কেনা সার্ভিস প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসায় অবশিষ্ট থাকা অনুমোদিত সময়ের চেয়ে বেশি হতে পারবে না। একইভাবে নুসুক অ্যাপ থেকে নেওয়া ওমরাহ পারমিটের তারিখের সঙ্গেও সার্ভিস প্যাকেজের তারিখের মিল থাকতে হবে। প্রথমবার সৌদি যাওয়ার ক্ষেত্রে আগে নুসুকের মাধ্যমে অনুমোদিত প্যাকেজ কিনতে হবে, এরপর ভিসা আবেদনসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে পৌঁছানোর পর দর্শনার্থীর প্রবেশের তথ্য সংরক্ষণ করা হবে। পরে দেশ ছাড়ার সময় সেটি হালনাগাদ করে মোট ৯০ দিনের অনুমোদিত অবস্থানকাল থেকে কত দিন ব্যবহৃত হয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব রাখা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate