যৌথ অভিযানের অংশ হিসেবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১০ হাজার ৮২৭ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে মোট ১৪ হাজার ৪৪০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন অমান্যকারী ৭ হাজার ৯০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৩ হাজার ৯৩২ জন এবং শ্রম আইন অমান্যকারী ৩ হাজার ৪১৮ জন রয়েছেন। নিজ দেশে ফেরত পাঠানো ছাড়াও ১৮ হাজার ১৩১ জন আইন অমান্যকারীকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৬ হাজার ৩৫৭ জনকে দেশে ফেরার টিকিট কাটার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সব মিলিয়ে ৩২ হাজার ১২ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, যাদের মধ্যে নারী রয়েছেন ২ হাজার ১৭ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের সময় আরও ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫৯ শতাংশ ইথিওপিয়ার এবং ৪০ শতাংশ ইয়েমেনের নাগরিক। এছাড়াও অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন ৩২ জন। এসব অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও কাজের সুযোগ দিয়ে সহায়তা করার অভিযোগে আরও ২৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।







