আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। একই সময়ে আইন অমান্যকারী ১২ হাজার ৬১৩ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশটির বিভিন্ন প্রান্তে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ নিরাপত্তা বাহিনী। অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১৮ জন এবং বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টাকালে ২৩ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
অন্যদিকে আইন ভঙ্গকারী প্রবাসীদের অবৈধভাবে পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার অপরাধে সৌদিতে অবস্থানরত ১৭ জন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ৩০ হাজার ৬৭৯ জন বিদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৭ হাজার ৯০৩ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৫ হাজার ৪২৪ জনকে দেশত্যাগের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।










