সৌদি আরবে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারীদের জন্য ‘নিউ মুসলিম’ বা ‘নওমুসলিম’ নামে একটি ডিজিটাল কার্ড চালু করেছে দেশটির ইসলাম, দাওয়াহ ও দিকনির্দেশনাবিষয়ক মন্ত্রণালয়। তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে, যার ফলে নতুন ধর্ম গ্রহণকারীরা খুব সহজেই তাদের অফিশিয়াল রেকর্ড দেখতে ও যাচাই করতে পারবেন। রোববার দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন।
নতুন এই সিস্টেমটি ইসলাম গ্রহণের আবেদন করা থেকে শুরু করে অফিশিয়াল কার্ড ইস্যু করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয় করবে। কোনো ব্যক্তির আবেদন অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাওয়াক্কালনা অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে তার ডিজিটাল কার্ডটি যুক্ত হয়ে যাবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাওয়াক্কালনা অ্যাপের সঙ্গে এই কার্ড যুক্ত করার ফলে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি ব্যবহার করতে পারবেন এবং কর্তৃপক্ষও দ্রুত ও নিরাপদে এর সত্যতা যাচাই করতে পারবে। প্রতিটি ডিজিটাল কার্ডে একটি কিউআর কোড সংযুক্ত রয়েছে, যা স্ক্যান করে খুব সহজেই এর বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সরকারের বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে ডিজিটাল সমন্বয় ও বিশ্বাসযোগ্য যাচাইকরণ নিশ্চিতে প্রকল্পটি সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটির সহযোগিতায় তৈরি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সেবার ফলে তথ্যের মান যেমন উন্নত হবে, তেমনি আগামী দিনের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে আরও নির্ভুল পরিসংখ্যান পাওয়া যাবে।









