সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। একই সঙ্গে বেশ কয়েকটি এলাকায় দমকা হাওয়াসহ তীব্র ধূলিঝড়ের সতর্কতাও দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এসব স্থানে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, এই অঞ্চলগুলোর পাশাপাশি দেশের পূর্বাঞ্চল, রাজধানী রিয়াদ এবং মদিনার বেশ কিছু এলাকায় প্রবল দমকা হাওয়া ও ধূলিঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থলভাগের পাশাপাশি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, লোহিত সাগরের উত্তর ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১৫ থেকে ৫০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম থেকে পশ্চিম দিকে বাতাস প্রবাহিত হতে পারে। আর দক্ষিণাঞ্চলে বইতে পারে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পশ্চিমমুখী বাতাস। এর প্রভাবে লোহিত সাগরে ঢেউয়ের উচ্চতা আধামিটার থেকে শুরু করে দুই মিটারের বেশি হতে পারে। ফলে সমুদ্র পরিস্থিতি শান্ত থেকে বেশ উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
আরও
অন্যদিকে, আরব উপসাগরের উত্তর ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১২ থেকে ৩০ কিলোমিটার এবং দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সন্ধ্যার পর সেখানে বাতাসের দিক পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। লোহিত সাগরের মতো আরব উপসাগরেও ঢেউয়ের উচ্চতা বেড়ে দুই মিটারের বেশি হতে পারে এবং সমুদ্র পরিস্থিতি বিক্ষুব্ধ থাকতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।








