সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে এক সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশজুড়ে এই বিশেষ অভিযান চালানো হয়। এই সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আটক হয়েছেন আরও ১ হাজার ৬২৬ জন। এই অনুপ্রবেশকারীদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় ৩৩ জনকে আটক করা হয়। এসব আইন লঙ্ঘনকারীকে পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপনে সহায়তার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাঁদের মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী। পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য এবং ৬ হাজার ১১৩ জনকে নিজ দেশে ফেরার চূড়ান্ত বুকিং সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া এরই মধ্যে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।









