তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও পরিবহন ব্যবস্থা আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে সড়কপথে পণ্য পরিবহনকারী তুর্কি ট্রাকচালকদের জন্য বিশেষ এক নতুন ভিসা ক্যাটাগরি চালু করেছে দেশটি। এর ফলে দীর্ঘ সময় পর তুরস্ক থেকে স্থলপথে সরাসরি সৌদি আরবে পণ্য পরিবহনের দুয়ার আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের সূত্রের বরাতে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইরাক ও সিরিয়ার মধ্য দিয়ে যাওয়া ট্রানজিট রুটগুলো পুনরায় চালু হয়েছে। এতে তুর্কি পরিবহন প্রতিষ্ঠানগুলোর জন্য স্থলপথে সৌদি বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি হয়। এই সম্ভাবনাকে কাজে লাগাতেই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়মে সড়ক পরিবহন চালকদের জন্য এক বছর মেয়াদি ‘মাল্টিপল-এন্ট্রি ল্যান্ড ট্রান্সপোর্ট’ ভিসা দেওয়া হবে। এর ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ সৌদি রিয়াল বা প্রায় ৮০ মার্কিন ডলার। পাশাপাশি একবার প্রবেশের ট্রানজিট পরিবহন ভিসা সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
নতুন এই ভিসা সুবিধা কাজে লাগিয়ে এরই মধ্যে কয়েকটি কোম্পানি সৌদি আরবমুখী তাদের পরিবহন কার্যক্রম শুরু করেছে এবং পণ্য পরিবহনের পরিমাণও ধারাবাহিকভাবে বাড়ছে। তবে ট্রানজিট ভিসায় সৌদি আরবে অবস্থানের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে তুরস্ক। দেশটির দাবি, সৌদি আরবের বিশাল ভৌগোলিক আয়তন, যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং চালকদের বিশ্রামের আন্তর্জাতিক নিয়ম মেনে চলার জন্য বর্তমানের অনুমোদিত চার দিন সময় পর্যাপ্ত নয়। তাই এটি বাড়িয়ে ১৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ভিসা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।







