সৌদিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ড্রোনটি ইয়েমেনের আল-বায়দা নামের একটি জেলার ওপর ভূপাতিত করা হয় বলে জানানো হয়েছে। এর আগে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার। ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেওয়ার জন্য এই হামলা করা হয়। এই হামলার জেরে হুতিরা সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায়।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মূল জোগানদাতা ও সহায়তাকারী হলো সৌদি আরব। সৌদির নজরদারি ড্রোন ভূপাতিত করার পর হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, “হুতি যোদ্ধারা সৌদি শত্রুদের একটি ‘উইং লং টু’ নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি আজ ভোরে আল-বায়দাতে নজরদারি চালাচ্ছিল।”
উল্লেখ্য, ২০১৪ সালে সানা দখল করে হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীদের হটাতে সৌদির নেতৃত্বে ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। এর জেরে ইয়েমেনে দেখা দেয় দুর্ভিক্ষ। টানা কয়েক বছর যুদ্ধ চলার পর সৌদি জোট হামলা বন্ধ করে দেয়। কিন্তু গতকাল আবারও হুতিদের সঙ্গে রিয়াদের উত্তেজনা তৈরি হয়েছে।









