বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন এক সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই ‘সমন্বিত ভ্রমণ প্যাকেজ’-এর আওতায় একটি মাত্র বুকিংয়ের মাধ্যমেই ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসাসহ পুরো যাত্রার ব্যবস্থা করতে পারবেন আগ্রহীরা। এর ফলে সৌদি আরবে ভ্রমণ এখন আগের চেয়ে আরও সহজ ও ঝামেলামুক্ত হবে। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ছাড়া এই সুবিধা পাচ্ছে মিসর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে এই সাতটি দেশকে নির্বাচন করা হলেও ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও অনেক দেশের জন্য এই সেবা উন্মুক্ত করা হবে।
নতুন এই কর্মসূচির সবচেয়ে বড় সুবিধা হলো, ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন জমা দিতে বা সৌদি দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটি প্যাকেজ কিনলেই তার ভেতর রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। বুকিং সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বিমা ও প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন যাত্রীরা। এখন পর্যন্ত ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’ নামের দুটি ট্রাভেল এজেন্সি এই পরিষেবা দেওয়ার অনুমতি পেয়েছে।
আরও
এই ই-ভিসার মেয়াদ হবে তিন মাস এবং এটি দিয়ে শুধু একবারই (সিঙ্গেল এন্ট্রি) সৌদি আরবে প্রবেশ করা যাবে। সেখানে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত থাকার সুযোগ পাবেন ভ্রমণকারীরা। খরচের বিষয়ে গালফ নিউজ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের প্যাকেজ মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার রিয়াল যোগ হবে। এর বাইরে ভিসা প্রদান ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট বা বিনোদনমূলক সুবিধাও যুক্ত করতে পারবেন যাত্রীরা।
এই ভ্রমণ প্যাকেজগুলোতে মক্কা ও মদিনায় ওমরাহ পালনের কোনো পরিষেবা বা ব্যবস্থা সরাসরি অন্তর্ভুক্ত নেই। তবে ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে বাধাহীনভাবে ঘুরে বেড়াতে পারবেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত কোনো কারণে ফ্লাইট বা হোটেলের বুকিং বাতিল হলে, অনুমোদিত এজেন্সির নিজস্ব নীতিমালা অনুযায়ী অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে সৌদির পর্যটন মন্ত্রণালয়।









