সৌদি আরবের জেদ্দায় কনস্যুলার সেবা নিতে গিয়ে এক শ্রেণির প্রবাসীর অসচেতনতায় ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভাড়াকৃত বিভিন্ন ভেন্যুর দরজা-জানালা ভাঙচুর, দেয়াল টপকানো এবং যত্রতত্র ময়লা ফেলায় চরম বিরক্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রবাসীদের এমন বেপরোয়া আচরণে শুধু রাষ্ট্রীয় অর্থের অপচয়ই হচ্ছে না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
পরিস্থিতি এতটাই বেগতিক যে, ভেন্যুর মালিকরা ভবিষ্যতে কনস্যুলার ট্যুরের জন্য জায়গা ভাড়া দিতে অনীহা প্রকাশ করছেন। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব সম্পদের ক্ষতিপূরণ দিতে গিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে পশ্চিমাঞ্চলে বসবাসরত প্রবাসীদের জরুরি কনস্যুলার সেবা প্রাপ্তি বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে।

আরও
এমন সংকটাপন্ন অবস্থায় প্রবাসীদের আরও দায়িত্বশীল হওয়ার কড়া আহ্বান জানিয়েছে জেদ্দা কনস্যুলেট। সেবাগ্রহীতাদের ভেন্যুর সম্পদ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় সৌদি আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সবার সচেতনতা ও সুশৃঙ্খল আচরণই পারে বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে।










